গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) সেন্ট লুসিয়ার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন ৪৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তারকা ইমরান তাহির। আজ প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। স্বীকৃতি টি-টুয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স হিসেবে চিহ্নিত হয়েছে।

এই সাফল্যের পেছনে ছেলেকেই প্রধান অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন তাহির। তিনি বলেন, "এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর ছেলে। ছেলের সঙ্গে একসঙ্গে খেলবেন—এই স্বপ্ন থেকেই এত পরিশ্রম করে এই বয়সেও খেলে যাওয়া।"

তবে সেই স্বপ্ন পূরণ হতে এখনও সময় লাগবে। কারণ, তাঁর ছেলের বয়স মাত্র ১২ বছর। আপাতত, ৪৭ বছর ১৬৬ দিন বয়সে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি জমা করেছে ইমরান তাহির।

টি-টুয়েন্টিতে এটি তাহিরের ষষ্ঠবারের মতো ৫ উইকেট শিকার। এই সংস্করণে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর ওপরে শুধু নামিবিয়ার ডেভিড ভিসা, যিনি ৭ বার ৫ উইকেট নিয়েছেন। পাঁচবার করে ৫ উইকেট নিয়ে তালিকার তিনে যৌথভাবে আছেন পাঁচজন—শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।

সব ধরনের টি-টুয়েন্টিতে উইকেট সংখ্যার তালিকায়ও তাহিরের অবস্থান উন্নত হয়েছে। এখন পর্যন্ত তিনি ৫৮৯টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন। এর আগে আছেন রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভোর (৬৩১)। সিপিএলে তাহিরের উইকেট সংখ্যা সর্বোচ্চ, ১৪২টি। চলমান মৌসুমে তিনি ইতিমধ্যে ১২টি উইকেট নিয়েছেন।

৪৭ বছর বয়সেও গায়ানা দলের নেতৃত্ব দিচ্ছেন তাহির। অথচ, সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি সাত বছরের বেশি আগে মাঠে নামেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে এবং ৩৮টি টি-টুয়েন্টি খেলেছেন। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে।