মাগুরায় কর্মরত নূর আলম (৪৫) বাবার মৃত্যুর খবর পেয়ে কুষ্টিয়ায় নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বার্ধক্যজনিত কারণে নূর আলমের বাবা মারা যান। খবর পেয়ে তিনি তাঁর ভায়রাভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে মোটরসাইকেল করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের উদ্দেশে রওনা হন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে নূর আলম ও আকিদুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ি নূর আলমের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনাকারী গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি। আকিদুল ইসলাম সামান্য আহত হন।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গাড়িটি শনাক্ত করা যায়নি এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুতে দৌলতপুরের লালনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার উভয়ের জানাজা ও দাফন সম্পন্ন হবে।