হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময় জুড়েই অব্যাহত থাকতে পারে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ওভাল অফিস এবং সিচুয়েশন রুমে ট্রাম্পের সাথে এই বিষয়ে আলোচনা করেন। গতকাল বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে প্রতিরোধ চালিয়ে যেতে পারে। ফলে আগামী ২০২৯ সালের জানুয়ারি মাস পর্যন্তও সংঘাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সতর্কবার্তাটি প্রকাশ্যে ট্রাম্পের দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ‘ঠিক পরপরই’ যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন। তাঁর দাবি, ইরান ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তবে তারা আর বেশি দিন প্রতিরোধ চালিয়ে যেতে পারবে না।

এদিকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে বলে স্বীকার করলেও ট্রাম্প এটিকে পছন্দের পথ হিসেবে আর দেখছেন না। বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি।