ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোলায়েম হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে সক্রিয় থাকলেও স্থানীয়ভাবে একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার ভায়না বাজার সংলগ্ন কালিশংকরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোলায়েম হোসেন উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কালিশংকরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মোলায়েম হোসেন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে তার সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, নিহত ব্যক্তি চরমপন্থি দলের সদস্য ছিলেন। তবে কোন নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মোলায়েম হোসেন ভায়না বাজার থেকে পান খেয়ে বাড়ি ফিরছিলেন। কালিশংকরপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। শরীরের একাধিক স্থানে কুপিয়ে গুরুতর জখম অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, "আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এখন বিধবা হয়ে গেলাম, আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এ হত্যার বিচার চাই।"

হরিণাকুণ্ডু থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।