দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রস্তাবিত কোম্পানি আইনে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার পুনঃক্রয়, একীভূতকরণ ও অধিগ্রহণ সংক্রান্ত বিধান যুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

কোম্পানি আইনের তৃতীয় সংশোধনী নিয়ে সরকার বিভিন্ন অংশীজনদের মতামত নিচ্ছে। সকলের মতামতের ভিত্তিতে এই সংশোধনী চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন এসব বিধান আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ডিবিএ। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম আজ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ বাণিজ্যসচিব আতাউর রহমান খানের কাছে লিখিতভাবে জমা দিয়েছেন। এছাড়াও, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এসব সুপারিশ বিষয়ে অবহিত করা হয়েছে।

ডিবিএর সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও কার্যকর করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য নিজস্ব শেয়ার পুনঃক্রয়ের আইনগত সুযোগ তৈরি করা জরুরি। একই সময়ে, তালিকাভুক্ত কোম্পানির একীভূত ও অধিগ্রহণ কার্যক্রমে বিদ্যমান জটিলতা এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া পরিহার করতে প্রয়োজনীয় বিধিবিধান কোম্পানি আইনে যুক্ত করা সময়ের দাবি।

ডিবিএর মতে, পুঁজিবাজার ও তালিকাভুক্ত কোম্পানির জন্য শেয়ার পুনঃক্রয়, একীভূতকরণ ও অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিএসইসির হাতে থাকা প্রয়োজন। এতে বিএসইসির পক্ষে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সহজ হবে।

সংগঠনটির ধারণা, প্রস্তাবিত বিধান কোম্পানি আইনে যুক্ত করা হলে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট পুনর্গঠন ও মূলধন ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে এবং বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, পুঁজিবাজার নিয়ে সরকারের গৃহীত উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন, বাজারের উন্নয়ন ও আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রস্তাবিত কোম্পানি আইনের তৃতীয় সংশোধনীতে ডিবিএর সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।