ফুটবল কেনার স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রতিবেশীর হাঁস চুরি করে ধরা পড়েছিল তিন শিশু। তবে এই ঘটনাকে অপরাধ হিসেবে দেখার পরিবর্তে সংবেদনশীলতার পরিচয় দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিনি শিশুদের ডেকে এনে সতর্ক করার পাশাপাশি তাদের হাতে একটি নতুন ফুটবল তুলে দিয়ে খেলার আনন্দে ভাগীদার হন।

বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে ওই তিন শিশুকে ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অপরাধমুক্ত জীবনযাপনের পরামর্শ প্রদান করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের শাহানেক (১৩), মিনহাজ (১২) ও মুজাহিদ (১১) নামের বিদ্যালয়বিমুখ তিন শিশু দীর্ঘদিন ধরে ফুটবল কিনতে চেয়েছিলেন। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তারা তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারছিল না। শেষ পর্যন্ত পরামর্শ করে মঙ্গলবার দুপুরে এলাকার প্রতিবেশীর দুটি হাঁস চুরি করে ধুরুং বাজারে বিক্রি করতে যায়।

চুরির সময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে ধরা পড়লে শিশুরা স্বীকার করে যে, শুধুমাত্র ফুটবল কেনার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজ করেছে।

পরবর্তীতে কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল কাশেমের মাধ্যমে ইউএনও মো. মিজানুর রহমানের নজরে আসে এই ঘটনা। তিনি বিষয়টিকে শাস্তির জায়গায় না রেখে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহকে ইতিবাচকভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।

ইউএনও মো. মিজানুর রহমান জানান, "শিশুদের ভুলের জন্য শাস্তি না দিয়ে ভালো পথের বার্তা দেওয়া হয়েছে। তারা যাতে ভবিষ্যতে কোনো অপরাধে না জড়িয়ে খেলাধুলার মধ্যে থাকে, সে জন্য উৎসাহিত করতেই বলটি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।"