কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক বিভাগে দীর্ঘ সময় ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান, নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং সমাজসেবা বিভাগের বিভিন্ন সেবায় ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির মতো অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে।
অভিযোগ উঠেছে যে, পারিবারিক বা অসামাজিক কার্যকলাপের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানালে ভুক্তভোগীরাই উল্টো হেনস্তার শিকার হচ্ছেন। তদন্তের নামে অপরাধী ও ভুক্তভোগীর ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতায়াত খরচ, নাশতা এবং সম্মানী দাবি করছেন, যা সম্পূর্ণ অসাংবিধানিক। এই ধরনের অনিয়মের সঙ্গে থানার উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তা, এসআই এবং অন্যান্য কর্মচারীদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের প্রভাবে প্রশাসনিক অফিস থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এক শক্তিশালী দালাল চক্র।
থানার কার্যক্রমেও চরম অবহেলার চিত্র ফুটে উঠেছে। ল্যাপটপ, কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও ডিউটি অফিসাররা সাধারণ ডায়েরি (জিডি) করার ক্ষেত্রে দায়িত্ব পালনে অনীহা দেখান। বাধ্য হয়ে বাইরের দোকান থেকে জিডি লিখে জমা দিলেও তদন্তের পরিবর্তে মোটা অঙ্কের অর্থের দাবি জানানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে এই দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী এবং দালাল চক্রের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।