খামারিদের তীব্র বিক্ষোভের মুখে পুলিশি পাহারায় দায়িত্বস্থল ত্যাগ করেছেন চট্টগ্রামের রাউজান উপজেলার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু। আজ বুধবার বিকেলে তিনি রাউজান ছেড়ে চলে যান।
এর আগে উপজেলা সদরের প্রাণী হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় খামারিরা। তাঁদের দাবি, জয়িতা বসুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করতে হবে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া খামারিরা অভিযোগ করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম করে এসেছেন। এই মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আলমগীর, রত্না মুহুরী ও মোহাম্মদ আলী আকবর।
ঘটনাটি সম্পর্কে জানতে জয়িতা বসুর নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কথা বলেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাঁর অভিযোগ, বিশেষ সুবিধা না পাওয়ায় কিছু খামারি তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এই পরিস্থিতি তৈরি করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ফোন করে রাউজান ছাড়ার সময় পুলিশের সহায়তা চেয়েছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তাঁকে পুলিশি সহযোগিতা প্রদান করা হয়।
অন্যদিকে, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম জানান, জয়িতা বসুর বিরুদ্ধে কিছু খামারি অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে তাঁর বদলি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী হয়েছে।