বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার পাকস্থলী ধোয়া বা ওয়াশ করেন।

মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, "চিকিৎসকেরা মনে করেছেন, তাকে আইসিইউতে নেওয়া দরকার। বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন।"

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না জানান, "মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"