খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে ফুল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন অতিক্রম করার পর ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনে বসে থাকা যাত্রী হাজী মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। এ ঘটনা লক্ষ্য করে দায়িত্বরত রেলওয়ে পুলিশ পাশের যাত্রী ফুল মিাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করা হলে কাউন্টারে থাকা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অচেতন হওয়া যাত্রী হাজী মফিজুর রহমানের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামে। তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টা পর্যন্তও তার জ্ঞান ফেরেনি।

এই ঘটনার আগেও ফুল মিয়া একই পদ্ধতিতে অপরাধ করার অভিযোগে আটক হয়েছিলেন। রেলওয়ে পুলিশ জানায়, ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। ওই সময় দুই নারীর কানের দুল ও নাকফুল খুলে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পাশের এক যাত্রী বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। সেই সময় তার কাছে থাকা জুস পরীক্ষা করার জন্য তাকেই ওই জুস পান করানো হলে তিনিও অচেতন হয়ে পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, "ওই যাত্রীর সঙ্গে ফুল মিয়ার আলাপচারিতার একপর্যায়ে তাকে জুস পান করানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।"

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুল মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।