সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)। সংস্থাটির উদ্যোগে গঠিত একটি প্রতিনিধি দল নেপালে ১০ দিন অবস্থান করে দেশটির রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

এই অভিযানের আওতায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তোষক ও বালিশ, কম্বল ও বেড সেট, মশারি, পাতিল ও রান্নার সামগ্রী সেট, ইলেকট্রিক চুলা এবং নগদ আর্থিক সহায়তা।

শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে পিসব। তিনটি মসজিদে মাইক বা সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। পাশাপাশি একটি এতিমখানায় ফ্যান, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

পিসবের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মুসলিম সমাজের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জরুরি প্রয়োজন পূরণেও ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

পিসবের এই উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশের আল মুমিন ফাউন্ডেশন, ইদ্দিখার ফাউন্ডেশন, সাবা সানাবিল ফাউন্ডেশনসহ অনেকেই সেবায় অংশ নিয়েছেন। তাদের সহযোগিতায় নেপালের দুর্গত মানুষের কাছে আরও বিস্তৃত পরিসরে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানায় পিসব।

নেপাল সফরে পিসবের প্রতিনিধি দলে ছিলেন উপদেষ্টা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, সহ-সভাপতি রাকিবুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী, সদস্য মুফতি আশিকুর রহমান এবং মাওলানা জুনায়েদ আহসান, মাওলানা মুনঈমসহ মোট ১০ জনের টিম।

পিসব কর্তৃপক্ষ জানায়, দেশের সীমানা মানুষের কল্যাণের পথে বাধা হতে পারে না। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে।