খুলনা নগরীর সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুই অস্ত্রধারী যুবক। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আশিকুরের দোকানের সাইনবোর্ড ও ভেতরের দেয়ালে আঘাত হানে, তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় আশিকুর রহমান বাগমারা মেইন রোডের ‘মা মোটরস’ নামক তার দোকানে বসে কথা বলছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির চিহ্ন ও ছিদ্র দোকানের দেয়ালে ও সাইনবোর্ডে দেখা গেছে। প্রকাশ্য সড়কে গুলিবর্ষণের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে এবং তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। হামলার পেছনে চাঁদাবাজি, পূর্ববিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তদন্ত শেষে তা স্পষ্ট হবে।