গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে সারা দেশে এই রোগে মোট প্রাণহানি ১০০২ জনে পৌঁছেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-বিষয়ক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ১৮৮টি শিশু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং বাকি ১ হাজার ১১৯ জন হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪টি শিশু, যাদের মধ্যে ৯৬৯টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মোট ১০০২ শিশুর মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১০০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বাকি ৯০২ শিশু হামের উপসর্গজনিত জটিলতায় মারা গেছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০। এতে নিশ্চিত হাম রোগী রয়েছে ১৯ হাজার ৯০৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে গৃহবাসে ফিরেছেন।