রাজধানীর নয়টি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেট—এই নয়টি এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শাহজাহানপুর রেলক্রসিংয়ে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য গ্যাসের লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে এই সময়ে ওই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।