সিলেট শহরের রাস্তায় এক কিশোরীর কোমরে শিকল বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক শিকল ধরে কিশোরীটিকে টেনে নিয়ে চলছেন। অন্যদিকে একটি দল এই দৃশ্যের ভিডিও ধারণ করছে। শহরজুড়ে এভাবে ঘোরানোর পর ওই কিশোরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে থানায় ওই কিশোরীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
ভিডিওটিতে কিশোরীটি অঝোরে কেঁদে চলতে দেখা গেছে। তাকে বেশ কিছুটা পথ শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভিডিওতে শিকল বেঁধে টেনে নেওয়া ব্যক্তির চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় শিকল বেঁধে ওই মেয়েকে টেনে নেওয়া হয়। মসজিদ মার্কেট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টা করেন এক কিশোরী। এ সময় ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে ওই কিশোরীকে আটক করেন। প্রথমে তাকে মারধর করে শেকল বেঁধে সড়কে হাঁটানো হয়। তবে কারা মারধর করেন ও কারা শেকল বেঁধে সড়কে টেনে নেন তা জানা যায়নি।
এ বিষয়ে সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দেরর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই মেয়েকে থানায় নিয়ে যায়। তার বয়স ১৫/১৬ বছর।"
তিনি জানান, স্থানীয়দের অভিযোগ ছিল, মেয়েটি দোকানের ক্যাশবাক্স চুরি করেছে। তবে তারা কেউই আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। এমনকি মেয়েকে থানায় নিয়ে আসার পর তারা কোনো সহযোগিতাও করেননি। পরে মেয়েটিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ (SMP Act)-এর ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
কিশোরীকে শেকল বেঁধে সড়কে ঘোরানো প্রসঙ্গে ওসি বলেন, "এ বিষয়টি আমার জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তারা অন্যায় করেছেন।"