চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বোরহান নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে হামিমের বিরোধ কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা চলছিল। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধের রেশ ধরে হামিম ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে পুনরায় মারামারি হয়। এই সময় হামিমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর সিটি সেন্টার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের আটকের চেষ্টা করেন। এ সময় বোরহান নামের একজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, "ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। বোরহান নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।"