নোয়াখালীর সদর উপজেলার সুধারাম থানা এলাকায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন ওরফে এমরান (৪৫)-কে এলাকাবাসী ধরে পিটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কাছে সোপর্দ করেছে।

ওই মাদ্রাসার ছাত্রী হিসেবে শিশুটি মোবারক হোসেনের বাসায় প্রাইভেট পড়াশোনা করত। কয়েক মাস ধরে সে পড়াশোনায় অমনোযোগী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। এই সময় শিশুটি ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটিয়ে থানায় সোপর্দ করেন।

শিশুটির মা বাদী হয়ে সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার আসামি মোবারক হোসেনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেনের কাছে প্রাইভেট পড়তে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।"