নোয়াখালী সদর উপজেলায় নয় বছর বয়সি এক শিশুছাত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মোবারক হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিল। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবারের সদস্যরা। এরপর সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে শিশুটি জানায় যে, শিক্ষক মোবারক হোসেন তাকে নির্যাতন করেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মোবারক হোসেনকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আটকের পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, "অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক নিজের বাসায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। শিশুটির পরিবার লিখিত অভিযোগে উল্লেখ করেছে, শিশুটিকে সেখানে ধর্ষণ করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"