অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অবস্থিত ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন এলিজা আজাদ রহমান। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ডেপুটি মেয়রের পদে দায়িত্বপ্রাপ্ত প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ এই পদে নির্বাচিত হন। অস্ট্রেলিয়ার নাগরিকত্বধারী এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের কন্যা।
দুই দশকের বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন এলিজা আজাদ। পরবর্তীতে তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
এলিজা আজাদ তাঁর প্রতিক্রিয়ায় মুক্তকণ্ঠকে বলেন, ‘দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি আমার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বাড়ল।’
তিনি জানান, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তবে স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তাঁর জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসবে।
এলিজা আজাদের এই সাফল্যে উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটি। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারে তাঁর এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরতে এবং সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।