অস্ট্রেলিয়ায় ডেঙ্গু প্রতিরোধক টিকা সহজলভ্য হওয়ার পর সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই টিকা নেওয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সামনে ছুটির মৌসুমে সপরিবারে বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা থাকায় অনেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগেভাগেই টিকা গ্রহণ করছেন। চাহিদার পরিমাণ এতটাই বেশি যে, বিভিন্ন ওষুধের দোকানে টিকা আসার পরপরই তা শেষ হয়ে যাচ্ছে।

সিডনির সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারিতে দেখা গেছে, একই পরিবারের শিশু থেকে শুরু করে প্রবীণ সদস্য পর্যন্ত সব বয়সের মানুষ ডেঙ্গুর টিকা নিতে ভিড় করছেন। জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদার তৈরি এই টিকাটির নাম ‘কিউডেঙ্গা’। অস্ট্রেলিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হচ্ছে।

সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারির চিকিৎসক সাবরিনা আফরিন বলেন, "প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা নেওয়ার সচেতনতা ও আগ্রহ চোখে পড়ার মতো।"

তিনি জানান, তিনিও খুব শীঘ্রই বাংলাদেশে বেড়াতে যাবেন এবং এরই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে টিকা নিয়েছেন। সাবরিনা আফরিন আরও বলেন, "জাপানের তৈরি এই টিকা কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হওয়ায় মানুষ আগ্রহসহকারে নিচ্ছেন। সামনে বড় ছুটি থাকায় বাংলাদেশসহ ডেঙ্গুপ্রবণ দেশগুলোতে যাঁরা ভ্রমণে যাবেন, তাঁদের অনেকে টিকা নিতে আসছেন।"

সিডনির বাঙালিপাড়া হিসেবে পরিচিত লাকেম্বাতেও একই চিত্র পরিলক্ষিত হয়েছে। লাকেম্বা মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মাসুম আহমেদ জানান, প্রতিদিন অনেক প্রবাসী বাংলাদেশি ডেঙ্গুর টিকার ব্যবস্থাপত্র নিতে আসছেন। দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। বিশেষ করে পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনেকে এই টিকা নিচ্ছেন।

লাকেম্বার বাসিন্দা মোহাম্মদ ইরফান খান ইতিমধ্যে তাঁর ছোট ছেলে ও মেয়েকে নিয়ে টিকা নিয়েছেন। তিনি বলেন, “সামনে লম্বা ছুটিতে সন্তানদের নিয়ে দেশে যাচ্ছি। দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে সব সময় দুশ্চিন্তা হতো। এক সপ্তাহ হলো আমি, আমার ছোট ছেলে ও মেয়ে—তিনজনই টিকা নিয়েছি। অন্যান্য টিকার মতো জ্বর বা কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের কারও হয়নি। টিকা নেওয়ার পর কিছুই বোঝা যায়নি। দেশে বেড়াতে যাওয়ার আগে এই টিকা নিতে পেরে বড় দুশ্চিন্তা কমল।”

সিডনির প্রাইসলাইন এবং কেমিস্ট ওয়্যারহাউসসহ বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ভ্রমণকারীদের ব্যাপক চাহিদার কারণে টিকা আসার পরপরই তা বিক্রি হয়ে যাচ্ছে।

চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চার বছর বা তার বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রতিটি ডোজের পরিমাণ শূন্য দশমিক ৫ মিলিলিটার এবং মোট দুটি ডোজ নিতে হয়। প্রতিটি ডোজের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। প্রথম ডোজ নেওয়ার অন্তত ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়। ফলে ছুটির মৌসুমে যাঁরা এখন প্রথম ডোজ নিয়ে বাংলাদেশে যাচ্ছেন, তাঁরা সিডনিতে ফিরে এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

উল্লেখ্য, আগে কখনো ডেঙ্গুতে আক্রান্ত হননি এমন ব্যক্তিরাও এই টিকা নিতে পারছেন। এই সুযোগের কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ আরও বহুগুণ বেড়েছে।