চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক গোলদাতদের তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ইন্টার মিলানের বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ১৪ মিনিটে গোল করে নিজের ইউরোপীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতার গোলের সংখ্যা ৭১-এ নিয়ে যান তিনি। এই অর্জনে স্প্যানিশ কিংবদন্তি রাউল গনসালেসের সমান দাঁড়িয়েছেন এমবাপ্পে। তবে তা অর্জনে তার প্রয়োজন হয়েছে মাত্র ৯৯ ম্যাচ, যা রাউলের ১৪২ ম্যাচের চেয়ে ৪৩টি কম।
গত মৌসুমের পর এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বেই ব্যক্তিগত সাফল্যের নতুন অধ্যায় শুরু করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয়লাভ করে। বর্তমান তালিকায় সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে এখন যৌথভাবে পঞ্চম স্থানে আছেন এমবাপ্পে। আর একটি গোল করলেই এককভাবে পঞ্চম হওয়ার পাশাপাশি রাউলকেও ছাড়িয়ে যাবেন তিনি। এরপর তালিকায় থাকবেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা, যার ৯০ গোল মাইলফলক ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আরও ১৯টি গোল।
২০১৬–১৭ মৌসুমে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটে এমবাপ্পের। অভিষেকের পর থেকে প্রতি মৌসুমেই অন্তত চারটি গোল করে আসছেন তিনি। গত মৌসুমে ১৫ গোল করে তিনি হয়েছিলেন এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। ইউরোপীয় মঞ্চে পাঁচটি হ্যাটট্রিক এবং এক ম্যাচে চার গোল করার কীর্তিও রয়েছে তার ঝুলিতে। ক্লাবভেদে তার ৭১ গোলের হিসাব এমন—পিএসজির হয়ে ৪২টি, রিয়ালের হয়ে ২৩টি এবং মোনাকোর হয়ে ছয়টি।