বরিশাল নগরের নতুন বাজার এলাকায় ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, তিনি প্রতিদিনের মতো ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখেন, বাটির ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। বিষয়টি স্থানীয় জনতার মাধ্যমে পুলিশকে জানানো হয়।
এলাকাবাসীর ধারণা, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তারা অনুমান করছেন, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনা ফেলার সময় নবজাতক দুটির মরদেহও ওই স্থানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তারা এলাকায় টহলে ছিলেন। থানা থেকে বিষয়টি জানানোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করা হয়। এরপর নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে আসে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও থানা সূত্র জানিয়েছে।