বরিশালের উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকালে র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, জাকির হোসেন ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবা থেকে কলমি শাক তুলতে যায় ওই কিশোরী। অভিযোগ উঠেছে, তাকে একা পেয়ে জাকির তাকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলে জাকির সেখান থেকে পালিয়ে যান।
এই ন্যক্কারজনক ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৮ এর সহায়তা কামনা করেন।
র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” গ্রেপ্তারের পর তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।