গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত এক কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় সংঘটনার আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানোর পর কারাগারে প্রেরণ করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন। গায়ক নোবেলের গান পরিবেশনের আগেই কনসার্টস্থলে উপস্থিত কিছু দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন।

ঘটনার খবর পেয়ে ওই রাতেই আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।