সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আ ন ম এহছানুল হক মিলন জানান, "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সহকারী শিক্ষকরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে।"
এছাড়াও প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে করা রিট পিটিশন নং ৭৩/২০২৩-এর মামলাটি নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণের কার্যক্রম চলমান রয়েছে।"