ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এই কমিটিগুলো গঠন করা হয়।

কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ এম মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের লক্ষ্যে কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটিও গঠন করা হয়েছে। একই কমিটির সভাপতির দায়িত্বও স্পিকারের কাঁধে বর্তিয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তার পক্ষে কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এরপর স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।