ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘ দুই বছর পর সীমিত পরিসরে আবারও কার্যক্রম শুরু করেছে। চালুর প্রথম দিনেই বিনা খরচে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গর্ভকালীন জটিলতার কারণে গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে মোসাম্মৎ জান্নাতি (১৮) হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ওটিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে একটি সুস্থ শিশুর জন্ম হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন চিকিৎসক ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান। ওটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স ও ওটি ইনচার্জ ফারজানা আহাম্মেদ চৈতি।
দীর্ঘদিন পর ওটি চালু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি হাসপাতালেই জটিল প্রসূতিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা থাকায় বেসরকারি হাসপাতালে যাওয়ার অতিরিক্ত ব্যয় ও মানসিক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
রোগীর দাদি সুফিয়া বেগম বলেন, "আমরা খুবই গরিব মানুষ। নাতনিকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম—কোথায় যাব, কীভাবে চিকিৎসার খরচ দেব। কিন্তু এই হাসপাতালের ডাক্তার ও নার্সরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা অনেক ভরসা পেয়েছি। সুন্দরভাবে চিকিৎসা পেয়েছি, অপারেশনও সফল হয়েছে। আমার নাতনি ও তার সন্তান দুজনই ভালো আছে—এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!" তিনি আরও যোগ করেন, "বাইরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। এই হাসপাতালে যদি এভাবে ভালো চিকিৎসা পাওয়া যায়, তাহলে এলাকার গরিব মানুষের অনেক উপকার হবে। আমরা চাই, এই সেবা যেন আর বন্ধ না হয়।"
বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, "ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন এক ধাপ অগ্রগতি হলো। প্রসূতি ও নবজাতককে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।" ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, "ভবিষ্যতে যদি হাসপাতালে একজন গাইনি ও একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়ন করা যায়, তবে নিয়মিতভাবেই এই সেবা চালু রাখা সম্ভব হবে। এতে মধুখালীসহ আশপাশের এলাকার প্রসূতিরা উপকৃত হবেন।"