বান্দরবানের থানচিতে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জেএসএসের 'কালেক্টর' হিসেবে পরিচিত রবিন চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, গত ২১ জুলাই থানচি থানায় চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের হয়। দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৫ ও ৩৪ ধারায় এই মামলায় রবিন চাকমা এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ তার অবস্থান শনাক্ত করতে নজরদারি চালাচ্ছিল। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।