প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে এখনও প্রায় ২২ শতাংশ মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। সংখ্যার হিসাবে যা প্রায় চার কোটি। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও ফলভিত্তিক করতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়সী অনেক শিশুও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না। আমরা চাই, একজন শিশু শুধু শিক্ষিত হবে না, সে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাত। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার। এ সময় মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।