আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবারের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। এই দিনটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। এতে আলোচনা সভা ও শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। দেশের ২২ শতাংশের বেশি জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে।
গতকাল গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, দেশে সাত বছর ও তার বেশি জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষা জরিপ ২০২৫ এর তথ্য ধরে এ তথ্য জানান তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "এটি সত্য যে এখনো একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগের বাইরে রয়েছে। তাদের মধ্যে রয়েছে বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া শিশু কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ। তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম প্রধান শর্ত।"
সাক্ষরতার হার বৃদ্ধি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, "এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে ২০৩১ সাল নাগাদ দেশের সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত হবে।"