চীনের ব্যস্ততম স্কোয়ার ও মেট্রোস্টেশনের বড় বিলবোর্ডে এখন আর তারকাদের ছবি দেখা যায় না। সেখানে স্থান পেয়েছেন দেশের শীর্ষ বিজ্ঞানীরা। মিসাইল ও মহাকাশ কর্মসূচির জনক চিয়ান শুয়েসেন, পরমাণু ভৌতবিজ্ঞানী তেং চিয়াক্সিয়ান এবং কৃষিবিজ্ঞানী ইউয়ান লংপিংয়ের ছবি এখন শোভা পাচ্ছে এসব বিলবোর্ডে। মহাকাশ স্টেশনের নভোচারীদের ছবিও রয়েছে অনেক বিলবোর্ডে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে গভীর সামাজিক মূল্যবোধ। জ্ঞান ও বিজ্ঞানকে সর্বোচ্চ সম্মান দেওয়ার সংস্কৃতি চীনে দীর্ঘদিনের। সমাজের প্রকৃত তারকা তারাই, যারা জ্ঞানার্জন ও বিজ্ঞানচর্চার মাধ্যমে মাতৃভূমির সেবা করেন—এমনটিই মনে করা হয় দেশটিতে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ মন্তব্য করেছেন, বিজ্ঞানীরাই শ্রদ্ধার পাত্র। অনেকেই বলেছেন, অন্য দেশেও এই নিয়ম চালু হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার হতে চায়, কিন্তু চীনের শিশুরা মহাকাশচারী হতে আগ্রহী—এমন পর্যবেক্ষণও উঠে এসেছে আলোচনায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি দেখে তাঁরা গর্ববোধ করেন। কারণ, ছোট বা বড় পর্দার তারকাদের বদলে বিজ্ঞানীরাই তাঁদের কাছে আসল তারকা।

সূত্র: গ্লোবাল টাইমস