চীনের বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যের স্নাতকোত্তর প্রোগ্রামের আবেদন শুরু করেছে। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় এই সুযোগটি দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
১৯১১ সালে যাত্রা শুরু করা সিনহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ সম্বলিত এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
এই স্কলারশিপ লাভকারী নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমান ভাড়া, মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় মেটানোর জন্য), বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্যবিমা এবং ভ্রমণ ভাতা সহ সকল ধরনের আর্থিক সুবিধা পাবেন।
আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। ১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে (অর্থাৎ তখন পর্যন্ত ২৯ বছর পূর্ণ হয়নি)। এছাড়াও প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফল আইবিটি স্কোর ১০০, আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭, কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২)-তে ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে।
আবেদনের সাথে জমা দিতে হবে: জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেফারেন্স লেটার, আইইএলটিএস স্কোর, স্টেটমেন্ট অব পারপাস, লিডারশিপ পারপাস প্রবন্ধ এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য পেপার।
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করা যেতেছে। আবেদনের শেষ সময় হলো ৯ সেপ্টেম্বর ২০২৬।