পাকিস্তানি গায়িকা আইমা বেগ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজেকে ‘সিঙ্গেল’ হিসেবে ঘোষণা করায় তাঁর স্বামী জেইন আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে গুঞ্জন ছড়িয়েছে।

গত কয়েক দিন আগে শেয়ার করা ওই ছবিতে কালো পোশাক, প্লাটিনাম ব্লন্ড চুল, ক্যাট-আই সানগ্লাস, রুপালি গয়না ও ব্লেজার পরনে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্ট্যাটাস: সিঙ্গেল।’ এছাড়াও শ্যাম্পেনের গ্লাসের ইমোজি ব্যবহার করেন।

এই পোস্টটি ভাইরাল হওয়ার পর ফ্যান কমিউনিটিতে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। পরবর্তীতে সাংবাদিক মালিহা রেহমানের একটি পোস্ট আইমা নিজের স্টোরিতে শেয়ার করেন। ওই পোস্টে মালিহা লিখেছিলেন, ‘সিঙ্গেল’ ঘোষণা করে দেওয়া ওই ক্যাপশনের মাধ্যমে আইমা যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এর জবাবে আইমা লেখেন, ‘দ্য ট্রুথ’ (সত্য)—এবং ১০০ নম্বরের ইমোজি যুক্ত করেন।

আইমা বেগ ও জেইন আহমেদ ২০২৫ সালের ৬ আগস্ট কানাডায় ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড রাস্তার সহপ্রতিষ্ঠাতা জেইন আহমেদের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সংবাদটি জানালেও পরে সেই পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।

যদিও বিচ্ছেদের খবর প্রচলিত আছে, তবে আইমার অ্যাকাউন্টে এখনো জেইনের সঙ্গে তোলা কিছু ছবি অপসারণ করা হয়নি। ফলে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। উভয় পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করেও আইমা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। মুখে আঘাত, ফ্লু ও গলাব্যথায় ভোগার কথা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘কেউ আমার যত্ন নিচ্ছে না, আমাকে আদর করুন।’ সেই সময়ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়েছিল।

সংগীত জগতেও আইমা বেগ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রয়াত মায়ের স্মরণে তাঁর প্রথম অ্যালবাম ‘গুড়িয়া’ মুক্তি দিয়েছেন। শোক, নিরাময় ও আত্ম-অন্বেষণের যাত্রা হিসেবে এই অ্যালবামটিকে বর্ণনা করেছেন গায়িকা।

এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে