ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় চাঁপা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সালাউদ্দিন হাওলাদার (৩০)। ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর বাসটি প্রায় আধা কিলোমিটার ধরে মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায়, যাতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকারী দশমিনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, চালক ও তাঁর সহকারীকে আটক করা যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।