দক্ষিণ এশিয়ার উদীয়মান লেখক, অনুবাদক, কবি ও মৌখিক ইতিহাসবিদদের জন্য মর্যাদাপূর্ণ ওয়ান–অন–ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম 'সাউথ এশিয়া স্পিকস' ২০২৭ ক্লাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে হবে। ২০২১ সালে যাত্রা শুরু করা এই অলাভজনক প্ল্যাটফর্মটি দক্ষিণ এশিয়ার সাহিত্য অঙ্গনের নতুন প্রতিভাদের বিকাশ এবং তাঁদের লেখালেখির স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দক্ষিণ এশীয় প্রবাসীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে এই প্ল্যাটফর্মটি ১০০-এর বেশি ফেলোকে মেন্টরশিপ প্রদান করেছে এবং ১৮টি বই প্রকাশে সহায়তা করেছে, যার মধ্যে বেশ কয়েকটি বই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। এখানকার ফেলোরা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি ও দ্য ওয়াইলি এজেন্সির মতো শীর্ষস্থানীয় সাহিত্য সংস্থার প্রতিনিধিত্ব পেয়েছেন। এছাড়া পেঙ্গুইন হাউস ও ব্লুমসবুরির মতো স্বনামধন্য প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আইওয়া রাইটার্স ওয়ার্কশপ, ম্যাকডোয়েল ও লোগান নন–ফিকশন প্রোগ্রামের মতো রাইটিং প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়িত স্থান লাভ করেছেন। ফেলোরা ইংলিশ পেন, ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড ও নিউ ইন্ডিয়া ফেলোশিপের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। নির্বাচিত ফেলোরা বিশ্বমানের লেখকদের সঙ্গে ওয়ান–অন–ওয়ান সেশন, এক্সক্লুসিভ রাইটিং ওয়ার্কশপ, মাস্টারক্লাস, বৈশ্বিক কমিউনিটি নেটওয়ার্ক এবং লেখালেখি, অনুবাদ বা প্রকাশনার জন্য বিশেষ আর্থিক অনুদান বা বার্সারি পাবেন।
২০২৭ সালের এই ফেলোশিপে ফিকশন, নন–ফিকশন, কবিতা, অনুবাদ ও মৌখিক ইতিহাস—এই পাঁচ শাখায় দক্ষিণ এশীয় বংশোদ্ভূত উদীয়মান লেখকেরা আবেদন করতে পারবেন। বিশ্বজুড়ে বসবাসকারী যেকোনো দক্ষিণ এশীয় বংশোদ্ভূত লেখক, যিনি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বা বইয়ের প্রজেক্ট (যেমন: উপন্যাস বা প্রবন্ধের সংকলন) নিয়ে কাজ করছেন, তিনি আবেদনের যোগ্য। তবে যেসব লেখকের ইতিমধ্যেই বই প্রকাশিত হয়েছে (স্ব–প্রকাশিত বই ছাড়া) কিংবা যাঁরা বর্তমানে কোনো পূর্ণকালীন একাডেমিক প্রোগ্রামে বা ডিগ্রিতে অধ্যয়নরত আছেন, তাঁরা এই প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
২০২৬–২০২৭ সেশনের জন্য বিশ্বখ্যাত লেখক ও গবেষকদের নিয়ে একটি শক্তিশালী মেন্টর প্যানেল গঠন করা হয়েছে। ফিকশন শাখায় মেন্টর হিসেবে থাকছেন নিনা ম্যাককনিগলে, মহেশ রাও ও প্রয়াগ আকবর; নন–ফিকশনে সনাম মেহের, রোমান গৌতম ও মানসি চোকসি; কবিতায় তিশানি দোশী; অনুবাদে অরুণাভা সিনহা ও শ্রীনাথ পেরুর এবং মৌখিক ইতিহাসে আঞ্চল মালহোত্রা।
সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.southasiaspeaks.org থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।