পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’ এবার আর অনুষ্ঠিত হবে না। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে শুভেন্দু অধিকারী রাজধানীসহ রাজ্যের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকের পর তিনি জানান, এবারের দুর্গাপূজায় রেড রোডের কার্নিভাল বাতিল করা হয়েছে। একই সঙ্গে পূজার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে প্রতি বছর রেড রোডে এই কার্নিভালের আয়োজন করা হতো। সাবেক মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিভিন্ন পূজা কমিটি প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করত এবং জেলা পর্যায়েও একই কর্মসূচি পালিত হতো। সেরা প্রতিমা ও আয়োজনের জন্য পুরস্কার দেওয়ার প্রচলন ছিল। গত বছরও কলকাতা ও পশ্চিমবঙ্গের ১১৩টি সেরা প্রতিমা নিয়ে এক জাকজমকপূর্ণ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কার্নিভালের পরিবর্তে মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে চার ঘণ্টার এই অনুষ্ঠানে আতশবাজি ও লেজার শো প্রদর্শিত হবে। এছাড়া রাজ্যজুড়ে রোড শো-এর পরিকল্পনা রয়েছে।
পূজা কমিটির অনুদান প্রসঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি, তারা কোনো আর্থিক অনুদান পাবেন না। তবে যাদের বাজেট এর চেয়ে কম, তারা এক লাখ রুপি করে অনুদান পাবেন। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল এক লাখ ১০ হাজার রুপি। অনুদানের জন্য সংশ্লিষ্ট এলাকার থানার মাধ্যমে আবেদন করতে হবে।
পূজা আয়োজনের ক্ষেত্রে আরও কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করা যাবে না এবং রাস্তা বন্ধ করে পূজা আয়োজন করা নিষিদ্ধ। এছাড়া পূজা ও বিসর্জনের সময় ডিজে বাজানো যাবে না এবং ২৫ অক্টোবরের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। প্রতিমা, প্যান্ডেল বা থিমের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা যাবে না বলে সতর্ক করা হয়েছে।
পাশাপাশি, এবারের দুর্গাপূজায় অষ্টমীর দিন থেকে রাজ্যের সব মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।