বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে গতকাল সন্ধ্যায় কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে রেল যোগাযোগ ব্যাহত ছিল। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে পেছনের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দিনাজপুর, নীলফামারী এবং যশোর-পার্বতীপুর রুটের ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়।

বিষয়টি নিয়ে স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, "রাত সাড়ে নয়টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানটি রেখে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন সান্তাহারে এসে পৌঁছালে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়।"

তিনি আরও বলেন, "লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর রাত পৌনে ১২টার দিকে রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সান্তাহারে আটকে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।"

লাইনচ্যুতির কারণে সান্তাহার জংশনে রাজশাহী থেকে পার্বতীপুরগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস আটকা পড়ে। অন্যদিকে, রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তি হয়।