মন্ত্রিসভা কমদামি সিগারেটের খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ১০ শলাকার জন্য আগের ৬২ টাকার পরিবর্তে নতুন করে ৬৫ টাকা নির্ধারণের প্রস্তাবটি গত সোমবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা ও তদূর্ধ্ব এর স্থলে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করে সিগারেটের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো কমদামি সিগারেটের অবৈধ চলাচল রোধ করা এবং রাজস্ব ঘাটতি কমানো।