পাবনা শহরের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক সনাতনী শিক্ষার্থী। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রান্থ কুমার দাস (২৫)। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে তিনি।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মন্দির খোলার পর প্রান্থ কুমার দাস মন্দিরে প্রবেশ করে ভাংচুর শুরু করেন। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুর করতে থাকেন। বিষয়টি টের পেয়ে মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে আটক করেন এবং গণপিটুনি করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, "প্রান্থ মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাংচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটকে রাখছিল। পরে দুপুরের দিকে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।"