জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
কমিটি চারটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন— স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩) ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে, এম এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১) সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মোহাম্মদ রেজাউল করিম বাদশা (বগুড়া-৬) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩) জাতীয় সংসদের পিটিশন কমিটিতে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত এবং একটি পুনর্গঠিত করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। ওই ১০টি কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন— মুন্সি রফিকুল আলম (ফেনী-১) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, একেএম সেলিম রেজা (পাবনা-২) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩) সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মো. আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২) খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মাহমুদা হাবীবা (মহিলা আসন-১৩) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, আবদুল ওয়াদুদ ভূঁইঞা (খাগড়াছড়ি) পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, খায়রুল কবির খোকন (নরসিংদী-১) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, মো. আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এবং জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। এ ছাড়া মো. শাহাদাত হোসেনকে (লক্ষ্মীপুর-১) সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।