নীলফামারীর কিশোরগঞ্জে মাদক সেবনের পর বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। বিষয়টি তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আলিফনুর রহমান (২২) ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলিফনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার দুপুরে মাদক সেবনের পর তিনি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ দৃশ্য দেখে তার বাবা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিফনুরকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ সময় থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, "ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।"