চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত একটি কৃত্রিম ফুলের গোডাউনে আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। মার্কেটের দ্বিতীয় তলায় আবির ফুল বিতানের দোকান থাকলেও চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির গোডাউনে আর্টিফিশিয়াল ফুল জমা করা ছিল। ওই স্থানেই আগুনের সূত্রপাত হয়।
গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন উজ্জ্বল আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে আগুনের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।