র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালানো হয়। কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় সমুদ্রপথে মালয়েশিয়ায় অবৈধভাবে মানবপাচারের উদ্দেশ্যে একদল লোককে জড়ো করার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের চার থেকে পাঁচজন সদস্য দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বন্দি অবস্থায় থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে র্যাব। তারা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মিনিবাজার এলাকার সিফাত, সাইফুল ইসলাম ও শামীম এবং টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুল হামিদ। অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি বলেন, মানবপাচার চক্রের পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তর ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।