হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। হিসাবটি রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

বার্তায় বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৫ জন, চট্টগ্রামে ২৪৯ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।