আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। গত এক দশকেরও বেশি সময় ধরে জমে থাকা মান-অভিমান ও তিক্ততার অবসান ঘটিয়ে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে তাঁকে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব থেকে সরে আসার পর ম্যাককালাম বর্তমানে শুধুমাত্র সাদা বলের দায়িত্বে রয়েছেন। কোচিং স্টাফের শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে দল থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো থ্রি লায়নদের ড্রেসিংরুমে পা রাখবেন তিনি।
পিটারসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের অভিযানে এই দলকে সাহায্য করার প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর এই প্রথম আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো এক গভীর সম্মানের এবং অত্যন্ত বিশেষ এক মুহূর্ত। আমাদের সীমিত ওভারের দলটায় অবিশ্বাস্য প্রতিভাবান সব ক্রিকেটার রয়েছে। খেলোয়াড়দের সর্বোচ্চ সম্ভাবনা উন্মোচনে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করতে আমি মুখিয়ে আছি। আগামী ১২ মাসের জন্য ব্রেন্ডনের থিঙ্কট্যাংকের অংশ হওয়াটা এক দারুণ সুযোগ, আর তর সইছে না কাজ শুরু করার।’
আধুনিক যুগের অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ৪৬ বছর বয়সী পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছিল ২০১৩-১৪ সালের অ্যাশেজে ৫-০ ব্যবধানে হারের পর। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এর আগে ২০১২ সালে লর্ডসে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বিরোধী টেস্টের জন্য দল নির্বাচনেও বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ ছিল, তিনি প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছে এমন বার্তা পাঠিয়েছিলেন যেখানে ইংল্যান্ডের সতীর্থদের পাশাপাশি তৎকালীন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসেরও সমালোচনা অন্তর্ভুক্ত ছিল।
ওই টেস্টের পরপরই স্ট্রাউস অবসর নেন। নতুন অধিনায়ক অ্যালিস্টার কুকের নেতৃত্বে পিটারসেনকে দলে ফেরানো হয়। সে বছরের শীতে ভারত সফরে ঐতিহাসিক সিরিজ জয়ে কুক ও পিটারসেনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে অ্যাশেজ বিপর্যয়ের পর কুকের পুরোপুরি সমর্থন থাকা সত্ত্বেও ইসিবি পিটারসেনের চুক্তি বাতিল করে দেয়।
ক্যারিয়ারের পরবর্তী সময়ে পিটারসেন বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলেন, একটি বই রচনা করেন যা ইংলিশ ক্রিকেটের অভ্যন্তরীণ বিষয়গুলো উন্মোচন করে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে অংশ নেন, ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন, দিল্লি ক্যাপিটালসে মেন্টরশিপ করেন এবং একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। উদীয়মান ইংলিশ ব্যাটসম্যানদের সাথে কাজ করার ইচ্ছা তিনি বহুবার প্রকাশ করেছেন।
ম্যাককালাম পিটারসেনের যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, ‘কেপি খেলায় যা অর্জন করেছে, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। ইংলিশ ক্রিকেটে ওর প্রভাব অভূতপূর্ব। অভিজ্ঞতা, জ্ঞান আর অর্জনের ঝুলি নিয়ে ওর মতো একজন যদি এই দলের সঙ্গে যুক্ত হয়, তবে তা এক চমৎকার প্রাপ্তি।’
ম্যাককালামের কোচিং বহরে পিটারসেনের পাশাপাশি মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, জিতেন প্যাটেল এবং ফিল্ডিং বিশেষজ্ঞ সারা টেলর থাকছেন। তবে সম্প্রতি ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিংয়ের যোগদানের পর দুই কোচের মধ্যে ক্ষমতার বিন্যাস কীভাবে হবে তা এখনো অস্পষ্ট। ফ্লেমিং অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসিকে টেস্ট কোচিং স্টাফে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও হাসি সম্ভবত নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রস্তাবই গ্রহণ করবেন বলে জানা গেছে।