চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্য জামাল এবং গ্রেপ্তারকৃত আব্দুল করিম উভয়েই একই এলাকার বাসিন্দা। এই অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের নির্জন ‘ধাম’ এলাকাটি একটি অপরাধ চক্রের আস্তানায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি মানুষকে অপহরণ, আটকে রাখা, মারধর এবং জিম্মি করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, কনস্টেবল জামালের মতো আরও কয়েকজনকে অপহরণ করে ইয়াবা ধরিয়ে দেওয়া এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনা ঘটেছে এই এলাকায়।

থানা পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে অপরাধের পূর্ব ইতিহাস রয়েছে। গত বছর পিডিবির সাবেক ঠিকাদার মিলাদুদ্দিন মুন্নাকে ‘ধাম’ এলাকা থেকে তুলে নিয়ে মারধর, টাকা দাবি এবং তার নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, "কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"