ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। সময়ের সাথে এই চারাগুলো গজিয়ে ওঠার মাধ্যমে সড়কটি একটি সবুজ চাতালে পরিণত হবে বলে আশাবাদী আয়োজকরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সারা দেশে চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিন এবং বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতারাও এতে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তালগাছ শুধু সড়কের দৃশ্যসৌন্দর্য বৃদ্ধিই করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। তারা আরও মন্তব্য করেন, আজ যদি একটি গাছ ছোট চারা হিসেবে রোপণ করা হয়, তবে যথাযথ পরিচর্যায় তা ভবিষ্যতে প্রকৃতির এক বিশাল সম্পদে পরিণত হতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ ও গাছের যত্নে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।