কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা খালাতো ভাই-বোন। পরিবারের সদস্যদের নিয়ে তারা নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্বজন আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরা প্রতিবেশী আরেক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামেন। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করছিলেন। এই সময় পানিতে ডুবে যান দুই শিশু। ঘটনার পরপরই পাশে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে জানানো ছাড়াই বাড়িতে ফিরে যায়।

দুপুর ১টার দিকে স্থানীয়রা পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হয়ে প্রথমে তার মরদেহ উদ্ধার করেন। এরপর পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহও উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"