ঢাকার সাভারের আমিনবাজারে এসবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যাকাণ্ডে র‌্যাব দুই দিনের মধ্যে মোট আটজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চারজন মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে এবং বাকি চারজন আমিনবাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬) নামের চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার আপন সাভার থানায় করা তিনটি মাদক মামলার আসামি বলেও সংস্থাটি উল্লেখ করে।

ঘটনার সূত্রপাত গত ৫ সেপ্টেম্বর রাতে। সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসআই আলতাফ হোসেনের সঙ্গে হামলাকারীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে হামলাকারীরা এসআইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর গোয়েন্দা নজরদারি চালিয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অন্যদিকে, একই মামলায় র‌্যাব-৪ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০) নামের আরও চার এজাহারভুক্ত আসামিকে আটক করে। বর্তমানে গ্রেপ্তার আটজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।