আগামী ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের ফাইনাল। তবে এই আসরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। একই সঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। ফাইনাল জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব তারই।

ভারতীয় দল সেমিফাইনালে স্থান করে নিয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল যদি চ্যাম্পিয়ন হয়, তবে নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে কি না, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে এখনো বিসিসিআইয়ের কোনো সরকারি অবস্থান জানানো হয়নি।

এই আলোচনার পেছনে রয়েছে গত বছরের ঘটনা। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ছেলেদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু সূর্যকুমার যাদবের দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এক ঘণ্টার বেশি সময় দেরিতে শুরু হওয়া পুরস্কার বিতরণী শেষ হয় ভারতকে ট্রফি ছাড়াই।

জিও সুপার জানিয়েছে, ঐ ট্রফি এখনো দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যালয়ে রাখা আছে। বিষয়টি সামলাতে ভারতীয় বোর্ডের একাধিক চেষ্টা চালানো হলেও এখনো কোনো সমাধান আসেনি।

এবারের নারী এশিয়া কাপেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে দূরত্বের ছবি ফুটে উঠেছে। গত ৫ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে টসের সময় হরমনপ্রীত কৌর ও ফাতিমা সানা হাত মেলাননি। ওই ম্যাচে পাকিস্তানকে ৫৫ রানে গুটিয়ে সাত উইকেটে জয় লাভ করে ভারত।